স্বেচ্ছা রক্তদাতারা জীবন বাঁচানোর মহাযজ্ঞে জড়িত

৮ জানুয়ারি, ২০১০ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হলো কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান। কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে স্বেচ্ছায় ২৫ বার রক্তদান করেছেন এমন ১৪জন এবং ১০ বার রক্তদান করেছেন এমন ৩০০ জন রক্তদাতাকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডঃ মুজাফ্ফর আহমেদ। তিনি স্বেচ্ছা রক্তদাতাদের উদ্দেশ্যে বলেন, রক্ত দিয়ে আপনারা মানুষের জীবন বাঁচানোর মহাযজ্ঞে জড়িত রয়েছেন। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ বলেন, অনেক কিছুর বিকল্প তৈরী হলেও রক্তের কোন বিকল্প তৈরী হয়নি। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম। এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা ও বরেণ্য শিক্ষাবিদ আচার্য ড. পরেশ চন্দ্র মন্ডল।