সব ধর্মের মূল সুর একই

Bangla
মহামান্য মাইকেল রোজারিও

২৭ জুলাই, ২০০৪ আমন্ত্রিত হন বাংলাদেশে মহামান্য পোপের প্রতিনিধি, খৃষ্টান সমপ্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা তৎকালীন আর্চ বিশপ মহামান্য মাইকেল রোজারিও। ‘যীশুখৃষ্টের জীবন ও শিক্ষা’ বিষয়ে আলোচনায় তিনি বলেন, জন্ম নয় বিবেক অনুসারে কর্মই মানুষকে হয় স্বর্গে না হয় নরকে নিয়ে যাবে। আর খৃষ্ট ধর্মমতে স্বর্গ লাভের অন্যতম উপায় হচ্ছে স্রষ্টাকে ভালবাসা, সৃষ্টিকে ভালবাসা এবং সব ধর্মেরই মূল সুর এটিই।

একটি শিশু হিন্দু, মুসলিম, বৌদ্ধ না খৃষ্টান পরিবারে জন্মগ্রহণ করবে সে সিদ্ধান্ত একমাত্র স্রষ্টার। পবিত্র বাইবেলে বলা হয়েছে ঈশ্বর মানুষকে তার সাদৃশ্যে সৃষ্টি করেছেন। মানুষকে ঘৃণা করা মানে ঈশ্বরকে ঘৃণা করা। মানুষকে ভালবাসা মানে ঈশ্বরকে ভালবাসা। আর প্রতিটি ধর্মের মূল সুর একই- স্রষ্টাকে ভালবাসো, মানুষকে ভালবাসো। ক্ষমা ও প্রেমে হৃদয়কে পরিপূর্ণ কর। তাহলেই পরিত্রাণ পাবে।

গত ২৭ জুলাই, মঙ্গলবার মাসিক মুক্ত আলোচনায় প্রধান অতিথির ভাষণে ‘যীশুর জীবন ও শিক্ষা’ প্রসঙ্গে এ কথাগুলো বলেন বাংলাদেশে মহামান্য পোপের প্রতিনিধি খৃষ্টান সমপ্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা আর্চ বিশপ মাইকেল রোজারিও।

আর্চ বিশপ তার আলোচনায় বলেন, একটি মানব শিশু কোন ধর্মীয় পরিবেশে জন্মগ্রহণ করবে সে ব্যাপারে স্রষ্টার সিদ্ধান্তই চূড়ান্ত। সেজন্যে জন্ম নয়, বিবেক অনুসারে কর্মই তাকে হয় স্বর্গে না হয় নরকে নিয়ে যাবে। আর ধর্মীয় দিক থেকে কর্মের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা হলো, ঈশ্বরকে ভালবাসো এবং মানুষকে ভালবাসো।
মানুষকে ভালবাসার অর্থ এই নয় যে, একজন খৃষ্টান আরেকজন খৃষ্টানকেই শুধু ভালবাসবে।

আর্চ বিশপ বলেন, ভালবাসার এই দুটি দিকের মধ্যে মানুষকে ভালবাসা তুলনামূলকভাবে কঠিন। এক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে ক্ষমা করতে না পারা। আর এ ব্যাপারে খৃষ্টান ধর্মের একটি শিক্ষা হলো অন্যের কাছ থেকে যা আশা কর আগে নিজে সে আচরণ কর। অর্থাৎ অন্যায় করে আমি যদি অন্যের কাছ থেকে ক্ষমা আশা করি তাহলে আমার প্রতি কেউ অন্যায় করলে তাকেও ক্ষমা করতে হবে। আর এ ক্ষমাও খৃষ্ট ধর্মের অন্যতম প্রধান শিক্ষা। কারণ যেখানে ক্ষমা আছে, সেখানে ভালবাসা আছে। ক্ষমার মাধ্যমে সৃষ্টিকে ভালবাসা যায়। সৃষ্টিকে ভালবাসলে স্রষ্টাকে ভালবাসা যায়। আর সেটাই স্বর্গ লাভের উপায়। সকল ধর্মের মূল কথা এটিই।