সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে

বর্তমান সময়ের শিশুদের জীবন স্কুল, কম্পিউটার এবং টেলিভিশনেই সীমাবদ্ধ। তাদের জন্যে আধুনিকতায় মোড়ানো শহরে কোন খেলার মাঠের নাগাল পাওয়া যায় না। সত্যিকারের মানসিক বিকাশ এদের ক্ষেত্রে শুধুই অভিধানের শব্দ। বেশীরভাগ পরিবারই একক পরিবার এবং এর সবচেয়ে বড় শিকার শিশুরা। কর্মজীবি মা-বাবার সন্তানেরা বেড়ে উঠছে গৃহকর্মীর কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এরা পরিবারের কারো থেকে নয় বরং জীবনের শিক্ষাগুলো নিচ্ছে গৃহকর্মীদের থেকেই। একইসাথে অধিকাংশ পরিবারেই একটিমাত্র সন্তান, যে ভাই-বোন পরিবেষ্টিত সুন্দর পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তার মধ্যে গড়ে উঠছে না উদারতা এবং সহযোগিতার মনোভাব। পারষ্পারিক সহযোগিতা এবং মানবিক বোধগুলোর জন্যেই আমরা মানুষ। কবির ভাষায়-‘‘আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’’ শিশুকে এই শিক্ষাগুলো দেবার জন্যে শৈশবই উপযুক্ত সময়।
আমার শৈশবে শেখা-‘‘সকালে উঠিয়া যেন মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে’’- এখনো যেন এই কথাগুলো হৃদয়ে অনুরণন তোলে। একটি ভালো কথা একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে এবং এর প্রভাব অপরিসীম। যার অন্যতম উদাহরণ কোয়ান্টাম মেথড কোর্স। গত ৩২৮ তম কোর্সে আমি অংশ নিয়েছি এবং দেখেছি শুধুমাত্র কিছু ইতিবাচক কথার প্রভাবে মানুষ সুস্থতার বিশ্বাস নিয়ে, জীবনকে সুন্দর করার প্রত্যয় নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। কোয়ান্টামের কার্যক্রমের মূলকথাই হলো ইতিবাচক কথা ও চিন্তাকে ধারণ করা এবং মানুষের কল্যাণ।
স্রষ্টা সবসময় ভালো চিন্তা, ভালো কাজকে পছন্দ করেন। তাই যখনই দশজন মিলে কল্যাণকর কিছু করা হয়, স্রষ্টা সে কাজকে সহজ করে দেন। সাধারণ মানুষ সবকিছুতেই কিন্তু খোঁজে, সমস্যা খোঁজে। অন্যের সাফল্যে ঈর্ষা বোধ করে এমনকি অন্যকে বেকায়দায় ফেলতেও ব্যতিব্যস্ত থাকে। অথচ মানুষ ভুলে যায়- ‘‘যাহারে তুমি নীচে ফেলো, সে তোমারে পশ্চাতে টানিছে’’। তাই সর্বাবস্থায় কল্যাণকর চিন্তা করতে হবে, রাগ-ক্ষোভ তথা সমস্ত নেতিচিন্তা পরিহার করতে হবে।
কোয়ান্টাম ফাউন্ডেশন নিরন্তর মানুষকে এই শিক্ষাগুলোই দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি এই শিক্ষাগুলোকে যদি একজন মানুষ অনুসরণ করতে পারে এবং কোয়ান্টাম চেতনায় একাত্ম থাকতে পারে তবে সে অবশ্যই সুস্থ থাকবে, প্রশান্ত থাকবে এবং আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।