রিভ সিস্টেম // মেডিটেশন দিয়ে শুরু হয় দিনের কাজ

রিভ সিস্টেম
এম রেজাউল হাসান
সিইও, রিভ সিস্টেমস, ৪৬ ব্যাচের গ্রাজুয়েট

২০০৯ সালের ফেব্রুয়ারি মাস। স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হচ্ছে GSM World Mobile Congress. মোবাইল ফোন ও এর কারিগরি বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় মেলা। বড় বড় কারিগরি প্রতিষ্ঠানের পাশাপাশি রিভ সিস্টেমস-এর পক্ষ থেকে আমরাও মেলায় অংশ নিই আমাদের মোবাইল ভিওআইপি সলিউশন প্রদর্শন এবং বিপণনের জন্যে।

তখন মোবাইল ভিওআইপিতে রিভ সিস্টেমস-এর প্রতিদ্বন্দ্বী ছিলো ইসরাইলি একটি প্রতিষ্ঠান।মেলার তৃতীয় দিন আমি ও আমার সহকর্মী ঠিক করলাম আমাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানির বুথ ঘুরে আসবো। আমি ভিজিটিং কার্ড এগিয়ে দিতেই কোম্পানির এমডি উঠে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, `Because of your company I can't sell a single piece of my mobile VOIP Solution. Every potential client has your software' প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কাছ থেকে এরকম মধুর বাস্তবতা শোনা এক মজার অভিজ্ঞতা।

আরেকবার একটি North American ICT কোম্পানিতে কর্মরত একজন বাঙালি আমাদের বিপণন বিভাগের প্রধানকে ফোন করে বললেন, ‘রায়হান ভাই, এই মাত্র আমরা বসের কাছে খুব বকা খেয়েছি। কিন্তু বকা খাওয়ার পরও এত ভালো লাগছে যে, বলার মতো না’। রায়হান তো বিস্মিত! তখন ভদ্রলোক বললেন, তাদের প্রেসিডেন্ট ঐ সভায় এই বলে সবাইকে তিরস্কার করেছিলেন যে, একটি বাংলাদেশি প্রতিষ্ঠান ভিওআইপি সলিউশন দিয়ে বাজারে এসে পরিচিতি লাভ করছে অথচ তারা পারছে না। একজন বাংলাদেশি হিসেবে এ তিরস্কার ছিলো ভদ্রলোকের জন্যে গর্বের।

রিভ সিস্টেমস-এর আজ যে বিশ্বব্যাপী পরিচিতি তা যাত্রা শুরু করেছিলো ২০০৩ সালে একটি বিল্ডিং-এর গ্যারেজের পাশের তিনটি রুম নিয়ে। ৩ জন কর্মকর্তা, ১ জন ড্রাইভার ও ১ জন বাবুর্চি নিয়ে আমাদের পথ চলা শুরু।

বর্তমানে রিভ সিস্টেমস-এ আছেন প্রায় ৮০ জন কর্মকর্তা/ কর্মচারি। কর্পোরেট অফিস সিঙ্গাপুরে। প্রধান ডেভেলপমেন্ট এবং অন্যান্য কার্যক্রম পরিচালিত হয় বাংলাদেশ থেকে। পাশাপাশি বিপণন রয়েছে ভারত ও ইংল্যান্ডে।

বিশ্বব্যাপী বিপণনের জন্যে দুবাই সিঙ্গাপুর আবুধাবী ইন্দোনেশিয়া ভারত স্পেন জার্মানি ডেনমার্কসহ বিশ্বের বিভিন্ন দেশের মেলায় আমরা অংশ নিয়েছি এবং নিচ্ছি। ৫০টিরও বেশি দেশে আমাদের সুইচ, মোবাইল ভিওআইপিসহ বিভিন্ন সফ্‌টওয়্যার ব্যবহৃত হচ্ছে। মাত্র ৬ বছরে আজকের এ অবস্থানে আমরা আসতে পেরেছি শুকরিয়া বিশ্বাস সবর মনছবি আর পরিশ্রমের মধ্য দিয়ে।

অফিসের কাজ আমরা শুরু করি মেডিটেশন দিয়ে। চেষ্টা করি কোয়ান্টামের সাধারণ শিক্ষাগুলো মেনে চলতে। আমাদের কর্মকর্তারা প্রতিষ্ঠানের ড্রাইভার, কুক, ক্লিনার- সবার সাথেই ‘আপনি’ সম্বধনের চেষ্টা করেন। অফিস কথোপকথনে আমরা সুবচন কণিকার শিক্ষা ব্যবহার করি। যেকোনো কঠিন পরিবেশেও আমাদের কর্মীরা হাসিমুখে কাজ করেন এবং মনে রাখেন ‘রেগে গেলেন তো হেরে গেলেন’। মাটির ব্যাংকে দানসহ বিভিন্ন সেবামূলক কাজে রিভ সিস্টেমস নিজেকে জড়িয়ে রেখেছে। ২০০৩ সাল থেকেই রোজার মাসসহ অন্যান্য সময়ে নিয়মিত রক্তদান কার্যক্রম আয়োজিত হচ্ছে।

কোয়ান্টামের সঙ্ঘাচার এবং সৃষ্টির সেবাসহ এ সকল কাজেরই সামষ্টিক ফল হলো আমাদের আজকের সাফল্য।