যোগ ব্যায়ামের আধুনিক রূপ : কোয়ান্টাম ব্যায়াম

মা-জী মাদাম নাহার আল বোখারীর পরিচালনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পুরুষদের ব্যায়ামের বিশেষ ওয়ার্কশপ। গত ২৯ মে কাকরাইলস্থ মেডিটেশন হলে আয়োজিত এ ওয়ার্কশপ পরিচালনার দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাল শীল।
ওয়ার্কশপে মা-জী বলেন, দেহ ভালো তো মন ভালো। আমাদের ব্যায়াম করা দরকার মূলত শারিরীক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্যে। বিশেষ করে শহরবাসীদের প্রযুক্তি নির্ভর জীবনে কায়িক পরিশ্রমের সুযোগ খুব কম। তাই শরীরকে সুস্থ রাখতেই প্রতিদিন কমপক্ষে আধঘন্টা কোয়ান্টাম ব্যায়াম করা প্রয়োজন।
কোয়ান্টাম ব্যায়াম হচ্ছে যোগ ব্যায়ামের আধুনিক রূপ। প্রায় ৪০০০ বছর আগে যে যোগ ব্যায়ামের চর্চা শুরু হয়েছিলো তাকেই কোয়ান্টাম ব্যায়াম রূপে সাজানো হয়েছে আধুনিক মানুষের উপযোগী করে। এই ব্যায়ামের অন্যতম বৈশিষ্ট হলো মেডিটেশন ও নিরাময়ের মনছবি যা সুস্থতা ও আকর্ষণীয় ফিগার গঠনকে ত্বরান্বিত করে।
চিকিৎসাবিজ্ঞানের আলোকে কোয়ান্টাম ব্যায়াম সম্পর্কে আলোচনা করেন মেডিকেল কাউন্সিলর ডাঃ সাবরিনা ইয়াসমিন। প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি ওয়ার্কশপে নিরাময় ও কল্যাণের বিশেষ মেডিটেশন পরিচালনা করেন মা-জী। অনুষ্ঠানে ২০০৯, ২০১০ এবং ২০১১ সালের মে মাস পর্যন্ত কোয়ান্টাম ব্যায়ামের কোর্স সম্পন্নকারীদের বিশেষ সনদপত্র প্রদান করা হয়।