জীবন আমার - মাদকাসক্ত পুনবার্সন কেন্দ্র

ফাউন্ডেশনের একটি নতুন সেবাপ্রকল্প জীবন আমার মাদকাসক্ত পুনর্বসান কেন্দ্র।

 

দেশে ব্যপক হারে মাদকসেবী ও মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে যাওয়ায় সামাজিক ও পারিবরিক জীবনে বিরূপ প্রভাব পড়ছে। সংঘটিত হচ্ছে হত্যা, লুন্ঠনসহ নানা ধরনের অপরাধ। একটি পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি থাকলে তার পুরো পরিবার নরক যন্ত্রণা ভোগ করে। শুধু পরিবারই নয়, ভুক্তভোগী হয় আত্মীয়-প্রতিবেশীরাও।

অপরাধ সংঘটিত হওয়ার ফলে সমাজ জীবনের সব পর্যায়েই নেমে আসে দুর্ভোগ। সবচেয়ে বড় কথা একজন সম্ভাবনাময় তরুণ হারিয়ে যায়। যে হতে পারতো মেধাবী চিকিৎসক সে চিকিৎসা সেবা দেয়ার পরিবর্তে পরিণত হয় আত্মবিধ্বংসী মাদকসেবীতে। নিজেকে ও পরিবারকে তো সে বঞ্চিত করেই, দেশ ও সমাজও বঞ্চিত হয় তার প্রতিভার সুফল থেকে। সব মিলিয়ে মাদকাসক্ত ব্যক্তি নিজেকে ধ্বংস করার পাশাপাশি ধ্বংস করছে চারপাশের পরিবেশকেও। আর ক্রমবর্ধিষ্ণু অস্থিরতার এই যুগে বিশ্বের অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও বেড়ে চলেছে মাদকের শরণ নেয়া মানুষের সংখ্যা।

এরকম ভয়াবহ পটভূমিতে দাঁড়িয়ে সেবার হাত বাড়িয়ে দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। মাদকের কাছে শান্তি খোঁজা অসহায় দুর্বল মানুষগুলোকে শান্তি দেয়ার পাশাপাশি সুপথে ফিরিয়ে আনার উদ্যোগ ‘জীবন আমার’। যার উদ্দেশ্য একজন মাদকাসক্তকে পুরোপুরি স্বাভাবিক জীবনে নিয়ে আসা এবং তার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা যাতে বাকি জীবনে আর তাকে মাদকের কাছে ফিরতে না হয়।

 

যাত্রা হল শুরু 

২০১১ সালের জুন থেকে চালু হয়েছে এ সেবা কার্যক্রম। সপ্তাহে সাত দিনই অফিস খোলা থাকছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।

 

কোথায় 

ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় অবস্থিত এই পুনর্বাসন কেন্দ্র। ঠিকানা- ৩৭, মাসকান্দা (মাসকান্দা নতুন বাজার ছাড়িয়ে আরেকটু সামনে কালভার্টের ডান পাশে)। ঢাকা থেকে সড়ক পথে আসলে শহরে ঢোকার পথে প্রথমে পড়বে মাসকান্দা আন্ত॥জেলা বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ড থেকে একটু সামনে গিয়ে হাতের বাম দিকের প্রথম রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে পড়বে নতুনবাজার।

 

মাদকাসক্তকে ভর্তি করাবেন কিভাবে 

মাদকাসক্ত ব্যক্তিকে ভর্তি করানোর জন্য সাথে অভিভাবককে অবশ্যই আসতে হবে। অসুস্থ ব্যক্তিকে প্রাথমিকভাবে সাতদিনের জন্য কেন্দ্রে রাখা হবে। এসময় তার শারীরিক ও মানসিক নানা পরীক্ষা নিরীক্ষা করা হবে। এসব পরীক্ষায় তিনি যদি উত্তীর্ণ হন তাহলে তাকে চূড়ান্তভাবে ভর্তিযোগ্য বলে বিবেচনা করা হবে। চূড়ান্তভাবে ভর্তিযোগ্য ব্যক্তিকে মোট আট মাসের জন্য পুনর্বাসন কার্যক্রমের আওতায় থাকতে হবে। এর মাঝে প্রথম ছয় মাস জীবন আমার এ এবং পরের দুই মাস কোয়ান্টাম ফাউন্ডেশনের বিভিন্ন সেন্টার/শাখায় অবস্থান করতে হবে।

 

যেভাবে পুনর্বাসিত হবেন একজন মাদকাসক্ত 

সর্বাধুনিক বৈজ্ঞানিক মেডিটেশন পদ্ধতি কোয়ান্টাম মেথডের সাহায্যে একজন মাদকাসক্তকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে। মেডিটেশন হল আত্মশক্তি জাগরণের, আত্ম নিয়ন্ত্রণের এক অনন্য কৌশল। যা যুগ যুগ ধরে মহামানবরা চর্চা করে আসছেন। এই মেডিটেশন বা ধ্যানের পাশাপাশি পারসোনাল কাউন্সেলিং, গ্রুপ ডিসকাশন এবং ইতিবাচক পরিবেশে অবস্থান ইত্যাদির মাধ্যমে ব্যক্তিকে পর্যাপ্ত মাত্রার সুস্থ, স্বাভাবিক ও আত্মবিশ্বাসী করে তোলা হবে।

Site's Category: