জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ

আলোকায়নে আমি আগেও এসেছি। আমার বড় ভালো লাগে। এখানে প্রত্যেকেই যেন কিছু পাবার আশায় উন্মুখ হয়ে আসে। ভালো কিছু, কল্যাণকর কিছু যা তার সফলতার পথকে প্রশস্ত করবে। আসলে সফল মানুষেরাই সফলতার খোঁজ করে। বোকারা তো সাফল্যের পেছনে নেই।
আমাকে জীবনের সফলতা নিয়ে বলতে বললে আমি বলবো, এখনো জানি না আমি সফল কি না। কারণ সফলতা তো কোন গন্তব্য নয়, এ এক যাত্রার নাম। তবে এটা জানি জীবনকে সুন্দর করতে হলে কিছু নিয়ম মানতে হয়।
কারো প্রতি ঈর্ষা করা যাবে না
সত্য বলতে হবে
আচরণে বা কাজে কোন দুমুখো ভাব নয়
রাগ-ক্ষোভ-বিদ্বেষ নয়
আনন্দিত চিত্তে থাকতে হবে
পরিবারে ভালো হতে হবে
খাবার জন্যে বাঁচা নয়, বাঁচার জন্যে খেতে হবে
হৃদয় হতে হবে দ্রবীভুত, মমতাময়
সবচেয়ে ভালো কে? সবচেয়ে সাদামাটা যে। রাসুলুল্লাহ (স) কে নিয়ে একটি বই লেখার সৌভাগ্য আমার হয়েছে। তাঁকে সঠিকভাবে চিত্রিত করার জন্যে নিজে পড়েছি ১৫০ বই এবং শুধু একটি সত্যই আবিস্কার করেছি বারবার, তা হলো তাঁর সহজ সরল সাদামাটা জীবন। আমরাও যদি জীবনটাকে সহজ করি, যদি গড়ে তুলি সেবার মানসিকতা আর সবার প্রতি সমান সহৃদয় আচরণ, বেঁচে থাকাটা সুন্দর হবে।
জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য নির্ধারণ করা। কোথায় পৌঁছতে চাই তা ঠিক করতে হবে। কারণ সময় ফুরোবে, প্রত্যেকেরই সময় ফুরোবে। আর এর মাঝেই পাথেয় সংগ্রহ করতে হবে। তাই জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত সমান গুরুত্বপূর্ণ।
কনফুসিয়ানের চমৎকার একটি কথা হলো, টুডে ইজ দ্যা ডে, দিস মোমেন্ট ইজ দ্যা মোমেন্ট। এ জীবনটাই হলো স্রষ্টার দেয়া সবচেয়ে বড় উপহার তাই আনন্দে বাঁচুন, সন্তুষ্ট থাকুন এবং অন্যের কল্যাণ করুন।