- বাংলা
- English
কোয়ান্টাম আইসিটি কার্যক্রমের শুভ উদ্বোধন


'বেসরকারী পর্যায়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে কোয়ান্টাম ফাউন্ডেশন'
কোয়ান্টাম আইসিটি কার্যক্রমের শুভ উদ্বোধন হয় ৯ ডিসেম্বর শুক্রবার । কোয়ান্টাম ফাউন্ডেশনের বনশ্রী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় । এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য, প্রখ্যাত তথ্যপ্রযুক্তিবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এ যুগে ইন্টারনেটের সুবাদে ঘরে বসেই একজন মানুষ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে কাজ করতে পারে, ঘরে বসেই উপার্জন করতে পারে। এজন্যে ঢাকায় আসারও প্রয়োজন নাই। এমনকি গ্রামে বসেও করা সম্ভব এ ধরনের কাজ। এভাবেই তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তির জন্যে ভবিষ্যৎ সম্ভাবনা ব্যক্ত করেন প্রধান অতিথি। তিনি আরো বলেন, আইসিটি কার্যক্রমের মাধ্যমে বেসরকারী পর্যায়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে কোয়ান্টাম ফাউন্ডেশন একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। তিনি বলেন, বর্তমান পৃথিবীতে আমরা অর্জন দক্ষতা উপার্জন- নানা দিক থেকে অন্যান্য জাতির চেয়ে পিছিয়ে আছি। কিন্তু আমরা দ্রুত একটি ভালো অবস্থায় যেতে চাই। আমাদের মতো একটি নিম্ন আয়ের দেশ হিসেবে এমন একটি অবস্থা রাতারাতি অর্জন করতে হলে আমাদেরকে একটি কোয়ান্টাম জাম্প দিতে হবে। পদার্থ বিজ্ঞানেও বিষয়টি এভাবে ব্যাখ্যা করা হয়। আর আইসিটি ক্ষেত্রে কোয়ান্টামের এ কার্যক্রম সামগ্রিকভাবে একটি সমৃদ্ধ অবস্থানে আমাদেরকে পৌঁছতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক হবে।
কোয়ান্টাম আইসিটি কার্যক্রমের কো-অর্ডিনেটর মো. মকবুল আহমেদ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বলেন, আইসিটি কার্যক্রমের মাধ্যমে কোয়ান্টামের ইতিহাসে আর একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। সারা দেশে তথ্যপ্রযুক্তি নির্ভর অবকাঠামো তৈরি হচ্ছে। তথ্যপ্রযুক্তির এ অবকাঠামোর সুবিধা ভোগ করা এবং এ অবকাঠামোকে টিকিয়ে রাখার জন্যেই দেশের মানুষকে তথ্যপ্রযুক্তিতে শিক্ষিত ও দক্ষ করে তোলা প্রয়োজন বলে কোয়ান্টাম মনে করে। সাধারণ মানুষের কাছে প্রযুক্তির এ শিক্ষাকে সহজভাবে উপস্থাপন করে তাদের নাগালে পৌঁছে দেয়াই আমাদের উদ্দেশ্য।
কোয়ান্টাম পরিবারের ৫ শতাধিক সদস্য ও শুভানুধ্যায়ীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশন বনশ্রী কার্যালয়ের ৪র্থ তলায় মূল মিলনায়তন। এ মিলনায়তনে আসন সংকুলান হয় সাড়ে তিন শতাধিক মেহমানের। এছাড়া ২য়, ৩য় ও ৬ষ্ঠ তলায়ও রাখা হয় আসন ব্যবস্থা। বিভিন্ন হলে বসে মেহমানবৃন্দ প্রোজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে মূল অনুষ্ঠান উপভোগ করেন।
বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে দূরপ্রসারী সম্ভাবনার কথা সাবলীল বক্তব্যে তুলে ধরেন সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি । কোয়ান্টাম আইসিটি কার্যক্রম থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের মানুষ ব্যক্তিগতভাবে সফল হওয়ার পাশাপাশি জাতিগতভাবে সমৃদ্ধি বয়ে আনতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির এ পৃথিবীতে জাতিগতভাবে আমরা যদি আধুনিক প্রযুক্তির জ্ঞানে দক্ষ হতে না পারি তাহলে আমরা পিছিয়ে থাকবো। আর এ দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যেই কোয়ান্টামের আইসিটি কার্যক্রম।
আলোচনা শেষে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি ফিতা কেটে আইসিটি কার্যক্রমের কম্পিউটার ল্যাব উদ্বোধন ও পরিদর্শন করেন।
বনশ্রী আবাসিক এলাকার ‘এ’ ব্লকে ১ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশন বনশ্রী কার্যালয়। এ ভবনের ৫ম তলায় পরিচালিত হচ্ছে কোয়ান্টাম আইসিটি কার্যক্রম। এ ফ্লোরেই রয়েছে অত্যাধুনিক ২টি কম্পিউটার ল্যাব। এ ল্যাবগুলোতেই নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে ৪ দিন ব্যাপী কোর্স। ১২ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে ক্লাস। এ কোর্সে অংশগ্রহণের জন্যে যোগাযোগ করতে হবে: +৮৮ ০১৭৪০৬৩০৮৫৬,+৮৮ ০১৭৫৭৮০৬১৬২ নম্বরগুলোতে।