কতটা আকুতি থাকলে

বান্দরবানের থানচি থেকে (৬০-৭০) কি.মি. দূরে আসামের মিজোরামের কাছাকাছি দুর্গম এক পার্বত্য এলাকা। জায়গাটা এতই দুর্গম এবং এত ওপরে যে, হেঁটে নামা ছাড়া সে এলাকা থেকে বেরুনোর কোনো উপায় নেই। সে এলাকার মানুষজনের তাই খুব কমই বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ হয়। সেখান থেকে এক বাবা ৪ দিনের পথ পাড়ি দিয়ে এসেছেন তার কিশোর বয়সী ছেলেকে নিয়ে লামার কোয়ান্টাম শিশুকাননে ভর্তি করাতে। তার কাছে জিজ্ঞেস করে জানা গেল তাদের জনগোষ্ঠীর কিছু লোক সপ্তাহ খানেক আগে নিচে গিয়েছিলো। তাদের কাছেই তিনি পেয়েছেন শিশুকাননের এই ভর্তি পরীক্ষার তথ্য। ভর্তি ফরমের ফটোকপি হাতে এই বাবার কাছে তাই ছিলো না সেই তথ্যটি যে, শিশুকাননে ভর্তি হতে হলে শিশুর বয়স অবশ্যই ৪ থেকে ৫ বছরের মধ্যে হতে হবে। তাকে ফিরিয়ে দিতে গিয়ে দুঃখ ভারাক্রান্ত হলেন ভর্তি পরীক্ষা পরিচালনাকারী সদস্যরা, যারা স্পষ্টতই বুঝতে পারছিলেন কতটা তাড়না থাকলে এতদূর থেকে একজন বাবা ছুটে আসতে পারেন।