আরো ২৫ টি দিন বেঁচে থাকার রসদ

তানিয়া
বয়স-১৩

১৩ বছরের কিশোরী তানিয়া প্রতিমাসেই ঢাকায় ফুফুর বাসায় আসে। বেড়াতে নয়, জীবনের আরো ২৫টা দিন সুস্থভাবে বাঁচার জন্য, এক ব্যাগ রক্তের জন্য। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তানিয়াকে গত ১০ বছর ধরে এভাবেই বাঁচতে হচ্ছে।

তানিয়ার বাবা নেই। তাই মা-কেই সবকিছু করতে হয়। অসুখ ধরা পড়ার প্রথমদিকে রেড ক্রিসেন্টে যেতেন, বললেন তানিয়ার মা। কিন্তু ঠিকমতো রক্ত পাওয়া যেতো না। গত কয়েক বছর ধরে রক্ত নিচ্ছেন কোয়ান্টাম থেকে। ল্যাব থেকে তানিয়াকে অর্ধেক খরচে রক্ত দেয়ার ব্যবস্থা করা হয়েছে। বিধবা মায়ের টানাপোড়েনের সংসারে এই সাহায্যটুকু এনে দিয়েছে অনেকটাই স্বস্তি।

চেয়ার ধরে তানিয়ার বসে থাকা আর কথা বলতে গিয়ে জোরে জোরে শ্বাস নেয়ার দৃশ্যই বলে দিচ্ছিল তার শরীরটা কত দুর্বল। ক্লাস এইটে পড়া এই কিশোরীটির যখন ছটফটে প্রজাপতির মতো ওড়ার কথা, তখন তার প্রতিটি মাস কাটছে রক্তের আশাতুর অপেক্ষায়। তানিয়ারা তাকিয়ে আছে আমার আপনার মতোই সুস্থ মানুষগুলোর দিকে যাদের এক ব্যাগ রক্ত ওদের আরো ২৫ টি দিন বেঁচে থাকার রসদ।