আত্মউপলব্ধির পথে অন্তরায় : হীনম্মন্যতা

আত্মউপলব্ধির পথে অন্যতম প্রতিবন্ধক হীনম্মন্যতা থেকে উত্তরণে করণীয়সমূহ নিয়ে ১৯শে জুন বিকাল ৫.৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত কাকরাইলস্থ মেডিটেশন হলে অনুষ্ঠিত হয় সাইকিদের মাসিক প্রোগ্রাম্।
মনের অতল গহীনে বসবাস করে হীনম্মন্যতা নামক এক বোধ। আত্ম উপলব্ধি এবং আত্মশক্তি বিকাশে যা অন্যতম প্রতিবন্ধক হিসেবে কাজ করে। হীনম্মন্যতা দুই ধরণের। নিজেকে অন্যের তুলনায় নীচ বা ছোট মনে করা আবার নিজের সীমাবদ্ধতা আড়াল করার জন্যে যা সে নয় তার চেয়ে বড় বা বেশী করে নিজেকে প্রকাশ করা।
আমাকে দিয়ে হবে না বা আমি এ কাজের যোগ্য নই, এটা মেধাবীদের জন্যে, ওটা বড়লোকদের জন্যে- এ ধরণের নেতিবাচক আবেগ মনের অফুরন্ত শক্তিকে শৃ্ঙ্খলে আবদ্ধ করে রাখে। নিজেকে অন্যের তুলনায় ছোট মনে করা, নিজেকে গুটিয়ে রাখা মূলত আত্ম অবমাননার শামিল। স্বীয় অনন্যতাকে বিকশিত করতে হলে অন্যের দিকে না তাকিয়ে নিজের সম্ভাবনাগুলোর প্রতি মনোযোগী হতে হবে। নিজেকে উপলব্ধি করতে হলে আগে নিজেকে ভালোবাসতে হবে। এ পৃথিবীতে মানুষই একমাত্র যে তার অবস্থা পরিবর্তনে মস্তিষ্ককে কাজে লাগাতে পারে।
নিজের ওপর আস্থা ও বিশ্বাসের বিপরীত অবস্থাই হলো হীনম্মন্যতা। কখনো কখনো বিশ্বাসকে কাজে লাগাতে চাই, কিন্তু পারি না। অতিচেতনা লাভে হীনম্মন্যতা দূর করে এগিয়ে যেতে হবে নিজের এবং অন্যের কল্যাণের পথে। নিয়মিত মেডিটেশনই পারে এই বাস্তবতা সৃষ্টি করতে কেননা মেডিটেশন বিশ্বাসকে দৃঢ় করে এবং তা কাজে পরিণত করে।
সাইকিদের এই বিশেষ প্রোগ্রামে আলোচনা ছাড়াও অতিচেতনা লাভে সাইকি গেম ছিলো অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত।