অন্যায় আচরণ দেখলে

Question: 

কারো অন্যায় আচরণ দেখলে আমি আর স্থির থাকতে পারি না। সাথে সাথেই প্রতিবাদ করতে চাই। এ অভ্যাসের জন্যে অনেক ঝামেলায়ও পড়েছি। কী করণীয়?

Answer: 

সাথে সাথে প্রতিবাদ করতে যাওয়া অর্থহীন। কারণ প্রতিবাদ করে কখনো কোনো লাভ হয় না। কিছুদিন খুব চেঁচামেচি হয়, হৈ-হাঙ্গামা হয়। তারপর একসময় উৎসাহে ভাটা পড়ে, গলার স্বর নরম হয়ে যায়। যা করা উচিত তাহলো প্রতিকার। বুদ্ধিমান মানুষ প্রতিবাদ নয়, প্রতিকার করে। আসলে ক্ষোভ, ঘৃণা আর বিদ্বেষেরই এক ধরনের প্রকাশ হচ্ছে প্রতিবাদ। ফলে সমাধান নয়, সমস্যা বরং আরো জটিলতার দিকেই গড়ায়। ভুল বোঝাবুঝি, শত্রুতা এবং প্রতিহিংসার জন্ম দেয়। ফলে দুপক্ষই ভোগান্তির শিকার হয়। অন্যদিকে প্রতিকারের মানসিকতা নিয়ে একজন মানুষ যখন কাজ করে, তখন জটিলতা নয়, সমাধানের উদ্যোগই থাকে তার। ফলে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয়াটা হয় তার জন্যে সহজ।
আর তরুণ বয়সে রাগ-ক্রোধকে মনে করা হয় একটা বীরোচিত ব্যাপার। কিন্তু বাস্তবতা হচ্ছে, রাগ-ক্রোধ দিয়ে কেউ কখনো ভালো কিছু করতে পারে নি। বরং ঠান্ডা মাথায় গঠনমূলক কোনোকিছু যখন সে করেছে তখনই সে সফল হয়েছে।